মানিক পশারীর পর দুলাল মিয়া
সুনামগঞ্জে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী দুলাল মিয়ার বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের যেই অভিযোগ উঠিয়াছে, উহা যথেষ্ট উদ্বেগজনক। সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদনে বলা হইয়াছে, বৃহস্পতিবার রাত্রে জেলার শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামে দেশীয় অস্ত্র লইয়া ১৫ হইতে ২০ জনের একটি দল দুলাল মিয়ার বাড়ি ও দোকানে ভাঙচুর ও লুণ্ঠন চালায়। হামলায় নারী-শিশুসহ অন্তত পাঁচজন আহত হইয়াছেন। উপরন্তু দুলাল মিয়া বাড়িতে না থাকিলেও হামলার পর হইতে তিনি নিখোঁজ বলিয়া অভিযোগ করিয়াছেন স্বজনরা। যেই কোনো মামলায় ন্যায়বিচার নিশ্চিতকরণের ক্ষেত্রে সাক্ষ্য-প্রমাণের গুরুত্ব অপরিসীম। সাক্ষীর অভাবে অসংখ্য মামল...