সময়ের নিশ্চলতা দেখে
‘আমি এই অঘ্রাণেরে ভালোবাসি– বিকেলের এই রঙ– রঙের শূন্যতা রোদের নরম রোম– ঢালু মাঠ– বিবর্ণ বাদামি পাখি– হলুদ বিচালি…’ –অঘ্রাণ, জীবনানন্দ দাশ ১. জানালার অ্যালুমিনিয়াম ফ্রেমে ঝুলে আছে এক তেরছা রোদ। সেই এক ফালি রোদকে এই মুহূর্তে মনে হচ্ছে হঠাৎ কুড়িয়ে পাওয়া অলৌকিক স্বর্ণমুদ্রা– আসল অথবা নকল। দেয়ালঘড়িতে বিকেলবেলা আটকে গেছে সাড়ে ৪টার কাঁটায়, যেন সেখান থেকে বের হবার কোনো উপায় জানা নেই তার। একে ঠিক দিন নয়, আবার রাত বলার মতো ঘন অন্ধকার জমে ওঠেনি এখনও। ঘরের ভেতরের আসবাবজুড়ে ভর করেছে এক ধরনের জ্যামিতিক শূন্যতা। টেবিলে পড়ে থাকা আধখাও...