পাথরের রাজ্যে শস্যের ঝলক
মাচায় শিম, নিচে হলুদ। একই জমিতে রয়েছে মরিচ, লাউ, ফুলকপি, বেগুন, শসা, টমেটোসহ নানা সবজি। পাশেই আখের গুচ্ছ। অদূরে দাঁড়িয়ে আছে পাহাড়। ওপারে ভারতের মেঘালয় রাজ্য। একসময় চোরাচালানের পণ্য আনা-নেওয়ার তৎপরতা চোখে পড়ত এসব এলাকায়। বিস্তীর্ণ জমি থাকত অনাবাদি। এখন সেখানে সবুজ শস্যের হাতছানি। খুলছে কর্মসংস্থানের নতুন দুয়ার। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্ত এলাকার এই দৃশ্য বদলে দিচ্ছে পাথর-বালুর জনপদ সম্পর্কে প্রচলিত ধারণা। কর্মসংস্থানের বিকল্প হিসেবে কৃষিকে বেছে নিচ্ছেন স্থানীয় তরুণরা। তাদের কেউ একসময় পাথর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, কেউ ছিলেন পাথরশ্রমিক, আবার কেউ জীবিকা নির্বাহ করতেন চোরাচাল...