ছবিতে মাটি ও মানুষের গল্প
ফরিদা জামান বাংলাদেশের অগ্রগণ্য চিত্রশিল্পীদের একজন। তাঁর আঁকা ছবি চরিত্রভিত্তিক, বাস্তবধর্মী। মাটি ও মানুষের গল্পে এর শিকড় প্রোথিত। রঙের ব্যবহারেও তিনি প্রাকৃতধর্মের অনুসারী। যেখানে সূর্যের আলো পৌঁছায়, ফুল, বৃক্ষলতা, পাখি, স্থলচর, জলচর– সবাই সেখানে উজ্জ্বল। যেখানে সৌরলোক পৌঁছায় না, ফুল, বৃক্ষ, জলচর বা স্থলচর নিজেই সেখানে আলোর উৎস। ফরিদা জামানের আঁকা ছবির দিকে তাকালে দেখি, যেখানে আলোর পরিবেশ, সেখানে উজ্জ্বলতা বাস্তবকে ছাপিয়ে যায়। যেখানে আঁধার আঁকা হয়েছে, সেখানে স্বচ্ছতা নিজেই আলো হয়ে আছে। এদিক থেকে দেখলে ফরিদা জামানের চিত্রকর্ম আলোক-পসারিণী। একইসঙ্গে তাঁর আঁকা ছবিগুলো এত পরিচ্ছন্ন, চরিত্...