ব্রাজিলের বিদায়, আশা আর্জেন্টিনায়
নেইমারের কান্নায় বিশ্বকাপের মায়াবী জ্যোৎস্নায় কি নিকষ অন্ধকার নেমে এলো? অবশ্যই তাই, বাংলাদেশের ফুটবলীয় আকাশে বিশ্বকাপের পূর্ণিমা কখনও কোনো একক আলোয় পূর্ণতা পায়নি। দেশের কোটি কোটি ফুটবল রোমান্টিকের হৃদয়ে সেই আলো তৈরি হয় পূর্ণাঙ্গ চাঁদ মিলে– যার অর্ধেকটা ব্রাজিল, আর বাকিটা আর্জেন্টিনায়। সেখানে নরওয়ের কাছে ব্রাজিলের স্বপ্নভঙ্গ একা নেইমারকে কাঁদিয়েই শান্ত করেনি; সুদূর পদ্মাপারের এক চিরন্তন আবেগের আকাশ থেকে একটা আস্ত চাঁদকে যেন টেনে খসিয়ে দিয়েছে। পেনাল্টি শুটআউটের সেই অভিশপ্ত মুহূর্ত আর কান্নাভেজা হলুদ জার্সি জড়িয়ে রিক্ত হিয়ায় নেইমারের আন্তর্জাতিক ফুটবল থেকে এই বিদায় বাঙালির কাছে কোনো স...