পটিয়ায় বেড়েছে চুরি-ছিনতাই রাত নামলেই সিএনজি উধাও
চট্টগ্রাম জেলার পটিয়ায় গত এক মাসে ধারাবাহিকভাবে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। রাতে ঘরের সামনে সিএনজি অটোরিকশা রেখে ঘুমাতে ভয় পাচ্ছেন চালক ও মালিকেরা। চোরাই অটোরিকশা কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সম্প্রতি তিনজনকে গ্রেপ্তার এবং চারটি গাড়ি উদ্ধার করলেও চোরের উপদ্রব থামেনি। গত ২৮ আগস্ট পটিয়ার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম গ্রামীণ ব্যাংক সড়ক এলাকায় মাত্র ১০০ গজের ব্যবধানে দুটি বাড়ি থেকে দুটি অটোরিকশা চুরি হয়। আগের রাতে চালক মো. ফরিদ ও মো. কাইছার গাড়ি দুটি বাড়ির বাইরে রেখে ঘুমিয়েছিলেন। ফরিদের ভাষ্যমতে, চারটি তালা ও শিকল দিয়ে গাড়ি বেঁধে রাখার পরও ত...